আগামী ০৩ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার থেকে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু করার নোটিশ জারি হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এবং যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এবারের ৫১ তম শীতকালীন আসর বসছে যশোর শহরে। ০৩ জানুয়ারি থেকে প্রতিষ্ঠান পর্যায়ের খেলা শুরু। চলবে ০৭ জানুয়ারি পর্যন্ত। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ০৭ দিন চলবে উপজেলা পর্যায়ের খেলা। ১৮ থেকে ২২ জানুয়ারি জেলা পর্যায়ের খেলা। ২৪ থেকে ২৭ জানুয়ারি উপ-অঞ্চল পর্যায়ের খেলা। ২৯ থেকে ৩১ জানুয়ারি অঞ্চল পর্যায়ের খেলা।
০২ ফেব্রুয়ারি থেকে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ০২ ফেব্রুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ৫১ তম জাতীয় শীতকালীন ক্রীড়ার উদ্বোধন করবেন। প্রায় আট শতাধিক শিক্ষার্থী খেলোয়াড় এবারের শীতকালীন জাতীয় ক্রীড়ার চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।
শীতকালীন জাতীয় ক্রীড়ায় ০৮টি খেলা অন্তর্ভুক্ত আছে। খেলাগুলো হচ্ছে-
১) অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) দড়িলাফ ইভেন্টসহ।
২) হকি (ছাত্র-ছাত্রী)
৩) ক্রিকেট (ছাত্র-ছাত্রী)
৪) বাস্কেটবল (ছাত্র-ছাত্রী)
৫) ভলিবল (ছাত্র-ছাত্রী)
৬) ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র-ছাত্রী)
৭) টেবিল টেনিস একক ও দ্বৈত (ছাত্র-ছাত্রী)
৮) সাইক্লিং (ছাত্র-ছাত্রী)
৫১ তম শীতকালীন ক্রীড়ায় অংশগ্রহণের জন্য শারীরিক শিক্ষা বিভাগের ডাটাবেজে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে। সার্কুলারটি ভালোভাবে পাঠ করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।